Monday, March 2, 2026

তিন ডোজ টিকা নেয়া ওমর ফারুক এখনও সুস্থ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

তিন ডোজ টিকা নেয়ার দাবি করা ওমর ফারুক সুস্থ রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। একই দিনে পরপর তিন ডোজ টিকা নেন এই ওমর ফারুক।

বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠলে তাকে খুঁজে বের করে র্যাব। পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন ওমর ফারুক।

তবে হাসপাতাল পরিচালক জানান, সুস্থ থাকায় শিগগিরই তাকে ছেড়ে দেয়া হবে। তবে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম আরো জানান, ওমর ফারুকের তিন ডোজ টিকা নেয়ার সত্যতা এখনও প্রমাণিত হয়নি। ওই ব্যক্তি মানসিকভাবে পুরোপুরি সুস্থ কি-না তা নিয়েও সংশয় রয়েছে।

শিগগিরই এ ব্যাপারে তদন্ত কমিটি রিপোর্ট দেবে বলেও জানান বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক।