Tuesday, April 21, 2026

আগামী মার্চ-এপ্রিল নাগাদ মিলবে ২৪ কোটি টিকা

হেলথ ডেস্ক

আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ করোনা টিকা মিলবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই ২৪ কোটি টিকার অধিকাংশই আসছে জাতিসংঘের কোভ্যাক্স কাঠামোর আওতায়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আমরা ২৬ কোটি টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। এতেই আমরা খুশি। পরে তারা আরও দুই কোটি টিকা দেয়ার চেষ্টা করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ২৬ কোটি টিকা প্রয়োজন। তাই কিছু টিকা দেশেই উৎপাদন করা হবে। দেশের দুই কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে টিকা নিয়েছেন।