Tuesday, April 21, 2026

পাঁচের ঘরে করোনা সংক্রমণের হার

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

হেলথ ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮০৮টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ১৪৯টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৬২ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় অধিদপ্তর। এর আগে স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলে আসছিলেন, করোনা শনাক্তের হার ৫ শতাংশে নেমে আসলে এবং তা পরপর চার সপ্তাহ তা অব্যাহত থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা যাবে।

গত জুলাই মাসে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যায়। সরকার করোনা নিয়ন্ত্রণে প্রায় দেড় মাস সারাদেশে লকডাউন দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করে। এক পর্যায়ে সংক্রমণ ধীরে ধীরে নেমে আসে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা শনাক্তের হার ৬ থেকে ৭ শতাংশে ওঠানামা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১০৯। একদিনের মৃত ৫১ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৬ জন নারী।

তাদের মধ্যে দশ বছরের বেশি বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ১৯ জন, সত্তোরোর্ধ্ব সাতজন এবং আশি বছরের বেশি বয়সী দু’জন রয়েছে।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় চয়জন, বরিশালে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।