Tuesday, April 21, 2026

ডেঙ্গুতে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগের প্রকোপ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫৭ জনই ঢাকার। বাকি ২১ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৬ জন।

ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি এক হাজার ১১৯ জন। আর ঢাকার বাইরে ৮৭ জন চিকিৎসাধীন। চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৯২। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে চিকিৎসাধীন ২৭৮ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭৬ জন রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২১ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট সাত হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ৫০৯ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ২১ আগস্ট পর্যন্ত পাঁচ হাজার ৯২ জন রোগী ভর্তি হন।

এছাড়াও চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ জন জুলাই মাসে ও ২১ আগস্ট পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়।