Monday, April 20, 2026

১০ মাসে আত্মহত্যায় প্রাণহানি করোনার দ্বিগুণ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

১০ মাসে আত্মহত্যায় প্রাণহানি করোনার দ্বিগুণ। করোনায় যে সময়ে ৫ হাজার ২০০ জন মারা গেছেন, একই সময়ে আত্মহত্যায় প্রাণ গেছে প্রায় ১১ হাজার। মহামারির সময়ও দেশে সবচেয়ে বেশি প্রাণ ঝরেছে এই আত্মহত্যা আর হৃদরোগে। হৃদরোগে এই সময়ে মারা গেছেন এক লাখ ৮০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের পারসেপশন (ধারণা) এমন যে, করোনার সময় অন্যান্য অসুস্থতায় মানুষ কম মারা যাচ্ছে। আসলে আমাদের পারসেপশন সঠিক নয়।’ সচিব জানান, জরিপ গবেষণায় দেখা গেছে, (১০ মাসে) করোনায় ৫ হাজার ২০০ জনের মতো লোক মারা গেছেন। একই সময়ে হার্ট-অ্যাটাক এবং হার্ট ফেইলিওর বা হার্টের অসুখে মারা গেছেন প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ।

ইয়ামিন চৌধুরী বলেন, আমরা কেবল করোনার পেছনেই দৌঁড়েছি। কিন্তু আমাদের অন্যান্য বিষয়েও নজর দেয়া প্রয়োজন। করোনার জন্য হয়তো সেগুলোতে গুরুত্ব দিচ্ছি না। সেসব ক্ষেত্রে আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের অন্যান্য রোগী বেড়ে যাবে।