Thursday, September 17, 2026

দীর্ঘদিন থাকবে করোনা, বহু দেশ এখনও প্রাথমিক পর্যায়ে -ডব্লিউএইচও

সাইকোহেল্থ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় পৃথিবীর বহু দেশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। দীর্ঘ দিন এই ভাইরাস পৃথিবীতে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ড. তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।

জেনেভা থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, কয়েকটি দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা গেছে ভাবলেও সেখানে নতুন করে ভাইরাসটির বিস্তার ঘটেছে। আফ্রিকা ও আমেরিকা অঞ্চলের কয়েকটি দেশে ভাইরাসটির সমস্যা বাড়ছে বলে সতর্ক করেন তিনি। গত ৩০ জানুয়ারি ভালো সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, এর মাধ্যমে দেশগুলো প্রস্তুতি ও পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পেয়েছে।

পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারি এখন স্থিতিশীল রয়েছে নয়তো কমে আসছে বলে জানান তিনি। গ্যাব্রিয়েসাস বলেন, সংখ্যা কম হলেও আমরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপে ভীতিকর ঊর্ধ্বমূখী প্রবণতা দেখতে পাচ্ছি। তিনি বলেন, বহু দেশ এখনও তাদের মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিতে শুরুর দিকে আক্রান্ত হওয়া অনেক দেশেই এখন আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। কোনও ভুল করা চলবে না’ আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাসটি দীর্ঘ দিন আমাদের সঙ্গে থাকবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম ভাইরাসটির সংক্রমণ দেখা দেয়। ভাইরাসটি মোকাবিলায় যথেষ্ট দ্রুত ডব্লিউএইচও সাড়া দিয়েছে কিনা সেই সমালোচনারও জবাব দিয়ে তিনি বলেন, পেছনে ফিরে তাকালে আমার মনে হয় আমরা সঠিক সময়েই স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করি। ভাইরাস মোকাবিলায় যথেষ্ট সময় পেয়েছে বিশ্ব।